আজ ২৬ সেপ্টেম্বর বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার ও স্বাস্থ্যবিষয়ক নিবন্ধকার আলহাজ্ব মোহাম্মদ জহিরুল হক (জ.ই. বুলবুল)-এর ৫৫তম জন্মদিন। এই দিনে তিনি দেশবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষা-সংস্কৃতিমণ্ডিত পরিবেশে জন্মগ্রহণ করেন তিনি। তিনি মুক্তিযোদ্ধা প্রয়াত মনিরুল হক মনিরের জ্যেষ্ঠ পুত্র। কৈশোর থেকেই সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়েন বুলবুল। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে গড়ে তুলেছেন এক সমৃদ্ধ অভিজ্ঞতা।
বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি এবং দৈনিক দেশ রূপান্তর-এ কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি দৈনিক প্রথম আলো-র ফিচার ডেক্সের নিয়মিত লেখক ও স্বাস্থ্যবিষয়ক কন্ট্রিবিউটর। এছাড়া মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি-র সিনিয়র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ও জাতীয় পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। একাধিকবার তিনি নবীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং ঢাকাস্থ জিনোদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি ছড়াকার হিসেবেও তিনি পাঠকমহলে সমাদৃত। তার সহজ-সরল লেখা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়।
এই বিশেষ দিনে শুভাকাঙ্ক্ষীরা তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেছেন। আমরাও দোয়া করি- আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত ও কল্যাণময় জীবন দান করেন।