ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বাগদান আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের আকদ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী। সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কথা জানা গেছে বিভিন্ন সূত্রে।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফরহাদের বিয়ের খবর জানান। ওই পোস্টে তিনি নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।
ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এস এম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ বিজয়ী হন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট এবং জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট।