টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্যের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং দোষ স্বীকার করেন কি না জানতে চাইলে প্রত্যেক আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।
এ মামলায় সৈরাচার হাসিনাসহ ১৭ জন আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মঙ্গলবার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে শেখ হাসিনাসহ সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ সাতজন পলাতক রয়েছেন।