ফরিদুল আলম ফরিদ: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে মেকানিক্যাল ডিভিশনের সদস্য পদে বিজয়ী হয়েছেন রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার (পরাগ)। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২০২৭-২৮ মেয়াদের জন্য নির্বাচিত হন।
তাঁর এ বিজয়ে রাজবাড়ী জেলার প্রকৌশলী সমাজ, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এ অর্জন রাজবাড়ীবাসীর জন্য গর্ব ও সম্মানের।
প্রকৌশলী এম এম হাসান আল বাকার ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট)-এর ড. কিউ. কে. হল সংসদের নির্বাচিত সহসভাপতি (ভিপি) হিসেবে ২০০৪-০৫ মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা। শিক্ষাজীবন, সাংগঠনিক কর্মকাণ্ড ও পেশাগত অঙ্গনে তাঁর পথচলার ধারাবাহিকতায় আইইবির নির্বাচনে এই বিজয় নতুন এক অর্জন হিসেবে যুক্ত হলো।
তাঁর এ সাফল্যে রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে প্রকৌশল পেশার উন্নয়ন ও কল্যাণে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।