বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে জনগণ।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে যেন আর কোনো দিন এই কথা শুনতে না হয় যে, কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে। বিএনপির কর্মসূচি, পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্তা যদি মানুষ পছন্দ করে, তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এমনই হওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন- মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।