চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন বাংলা গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর।
এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।
কণ্ঠশিল্পী হলেও আসিফ আকবর পেশাদার ক্রিকেটের সঙ্গে একসময় যুক্ত ছিলেন। খেলেছেন ফার্স্ট ডিভিশন ক্রিকেট। শিল্পী পরিচিতি পাওয়ার আগে কুমিল্লার ক্রিকেট পাড়ায় তিনি ছিলেন পরিচিত মুখ।
আসিফ আকবর বর্তমানে সিরিজ কনসার্টে পারফর্ম করে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে। সফর শেষে এ মাসের শেষদিকে তার দেশে ফেরার কথা রয়েছে।